বাসস
  ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২৩
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২৭

নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে : বাণিজ্যমন্ত্রী

ছবি : ভিডিও থেকে নেওয়া

সংসদ ভবন, ৩ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা ও সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী নিয়মিত বাজার মনিটরিং ও তদারকি কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

আজ জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, “জেলা পর্যায়ে গঠিত ‘বিশেষ টাস্কফোর্স’ এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে দেশব্যাপী প্রতিদিন বাজার অভিযান পরিচালিত হচ্ছে। বাজারে অতিরিক্ত মূল্য আদায়, অবৈধ মজুতদারি, কৃত্রিম সংকট তৈরি, পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা এবং অন্যান্য ভোক্তা-স্বার্থবিরোধী অনিয়মের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী জরিমানা আদায়সহ প্রয়োজনীয় কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

পাশাপাশি, বাজারে পণ্যের স্বাভাবিক সরবরাহ ও মুক্ত প্রতিযোগিতা নিশ্চিত করার লক্ষ্যে ‘বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন’-এর মাধ্যমে সিন্ডিকেট, কার্টেল ও যোগসাজশমূলক অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান মন্ত্রী।

জনস্বার্থে ভোক্তা-অধিকার সংরক্ষণ এবং দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার স্বার্থে সরকারের এসব বাজার মনিটরিং, তদারকি ও তড়িৎ আইনি কার্যক্রম ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী অব্যাহত ও অধিকতর জোরদার করা হবে বলে সংসদে পুনর্ব্যক্ত করেন বাণিজ্যমন্ত্রী।