বাসস
  ০১ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০৭

গাজীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত

ছবি : বাসস

গাজীপুর, ১ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : গাজীপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে সদর উপজেলা বিএনপি। 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলজ সম্পদ সংরক্ষণের লক্ষ্যে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত কর্মসূচি পালন করা হয়েছে।

আজ মঙ্গলবার গাজীপুর সদর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচি ও আলোচনা সভায় 

সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসল্লীর সভাপতিত্বে ও সদস্য সচিব আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীন রিজভী, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম সিকদার, সদর উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউনুস আলী এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি নিজ হাতে বৃক্ষরোপণ করেন। এ সময় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

নেতাকর্মীরা বলেন, বিএনপি দীর্ঘদিন ধরে দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও মানুষের কল্যাণে কাজ করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীর মতো গুরুত্বপূর্ণ দিনে শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, সাধারণ মানুষের কল্যাণ ও পরিবেশ সুরক্ষায়ও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন। সেই লক্ষ্যেই বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তের আয়োজন করা হয়েছে। 

বৃক্ষ মানুষের জীবন ও পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব কর্মসূচি অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা। 

দিনব্যাপী এই কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। 

এ সময় তারা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।