শিরোনাম

ঢাকা, ৩১ আগস্ট, ২০২৬ (বাসস) : কিশোরগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন এবং সাম্প্রতিক বিভিন্ন ঘটনা গুরুত্বের সঙ্গে মোকাবিলায় প্রশাসন, পুলিশ ও রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
আজ (সোমবার) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কিশোরগঞ্জ জেলার আইনশৃঙ্খলা উন্নয়নসহ সার্বিক কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পাওয়ার পর এটি ছিল তার প্রথম মতবিনিময় সভা।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ ও শহরের যানজট নিরসনসহ বিভিন্ন সমস্যা এবং রাজনৈতিক নেতাদের বিভিন্ন বক্তব্য অত্যন্ত মনোযোগ দিয়ে শোনেন তথ্য প্রতিমন্ত্রী। এ সময় তিনি উপস্থিত সকলের উদ্দেশে বলেন, জেলার সাম্প্রতিক আলোচিত ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। কিশোরগঞ্জের সার্বিক সমস্যা সমাধানে সরকার ও প্রশাসন কার্যকরভাবে কাজ করবে বলে তিনি এ সময় দৃঢ় আশ্বাস দেন।
জেলা প্রশাসক সোহানা নাসরিনের সভাপতিত্বে সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। এছাড়া সভায় মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডসহ জেলার সাম্প্রতিক বিভিন্ন ঘটনা, নিষিদ্ধ সংগঠনের মিছিল ও হত্যার হুমকির বিষয়গুলো তুলে ধরে জোরালো বক্তব্য রাখেন জেলা বিএনপির নেতারা। এসব অনাকাক্সিক্ষত ঘটনায় প্রশাসনের ভূমিকা আরও কঠোর ও জোরদার করার দাবি জানান তারা।
সভা শেষে জেলার আইনশৃঙ্খলা রক্ষা, শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং জনদুর্ভোগ লাঘবে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।