বাসস
  ২৭ আগস্ট ২০২৬, ২২:৩৪

টাঙ্গাইলে ট্রাকচাপায় মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

টাঙ্গাইল, ২৭ আগস্ট, ২০২৬ (বাসস): জেলার সখীপুরে মালবাহী ট্রাকের চাপায় ইসরাত জাহান আঁখি (২২) ও তার কোলে থাকা এক বছর বয়সী মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে সখীপুর উপজেলার নলুয়া-টাঙ্গাইল সড়কের বেড়বাড়ী বটতলা মিলপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত ইসরাত জাহান আঁখি বাসাইল উপজেলার আদাবাড়ি গ্রামের শুভ আহমদের স্ত্রী। নিহত হয় তাদের এক বছরের কন্যা সন্তান।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ‎নিহত ইসরাত জাহান আঁখি বিকেলে বাসাইলের আদাবাড়ি গ্রামের স্বামীর বাড়ি থেকে মেয়েকে সঙ্গে নিয়ে সিএনজিতে করে সখীপুর উপজেলার পাহাড়কাঞ্চনপুরের উদ্দেশে রওনা হয়। সিএনজিটি নলুয়া-টাঙ্গাইল সড়কের বেড়বাড়ী বটতলা মিলপাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। 

এতে সিএনজি থেকে ছিটকে পড়ে মা ও মেয়ে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে সখীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে থানা নিয়ে আসে। ট্রাকটি জব্দ করা হয়েছে। 

পরবর্তী আইনগত ব্যবস্থা শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।