বাসস
  ২৭ আগস্ট ২০২৬, ১৮:১১

নির্মাণকাজে অসঙ্গতি, উৎসব সুপারশপকে সিডিএ’র ৮ লাখ টাকা জরিমানা  

ছবি : বাসস

চট্টগ্রাম, ২৭ আগস্ট, ২০২৬ (বাসস) : চট্টগ্রামের হালিশহর এক্সেস রোডে অনুমোদিত নকশার সঙ্গে বাস্তব নির্মাণকাজের অসঙ্গতি এবং পর্যাপ্ত পার্কিং না থাকায় উৎসব সুপার শপকে ৮ লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

আজ বৃহস্পতিবার সকালে উৎসব সুপার মার্কেটের আউটলেটে অভিযান চালিয়ে এ জরিমানা করেন সিডিএ’র স্পেশাল ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীন। এ ছাড়াও এ অভিযানে নেতৃত্ব দেন সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।

সিডিএ কর্মকর্তারা জানান, পরিদর্শনের সময় বাণিজ্যিক ভবনটির অনুমোদিত নকশা অনুযায়ী প্রয়োজনীয় পার্কিং সুবিধা পাওয়া যায়নি। ভবন কর্তৃপক্ষ রাস্তার জায়গা ব্যবহার করে গাড়ি রাখার কথা জানালেও সেটিকে অনুমোদিত পার্কিং ব্যবস্থা হিসেবে গ্রহণযোগ্য মনে করেনি কর্তৃপক্ষ।

এছাড়া অভিযানের সময় ভবন কর্তৃপক্ষ তাৎক্ষণিক অনুমোদিত নকশা দেখাতে পারেনি। পরে ভবনটির বিভিন্ন অংশ পরিদর্শন করে নকশার সঙ্গে অসঙ্গতি শনাক্ত করা হয়।

এ সব অনিয়মের কারণে সিডিএর ভ্রাম্যমাণ আদালত ৮ লাখ টাকা জরিমানা করেন এবং জরিমানা পরিশোধ না করলে দুই বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে।

একই সঙ্গে নকশার ব্যত্যয় থাকা অংশগুলো সংশোধন এবং প্রয়োজনীয় পার্কিং সুবিধা নিশ্চিত করতে আগামী ২৭ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। এ বিষয়ে ভবন কর্তৃপক্ষের কাছ থেকে অঙ্গীকারনামাও নেওয়া হয়েছে।
এ ব্যাপারে সিডিএ’র অথরাইজড অফিসার-২ তানজিব হোসেন বলেন, ভবন কর্তৃপক্ষকে অনুমোদিত নকশা অনুসারে ব্যত্যয় অংশ সংশোধন এবং পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না হলে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানের সময় একই এলাকায় নির্মাণাধীন আরেকটি ভবনের বিরুদ্ধেও ব্যবস্থা নেয় সিডিএ। সড়কের জন্য নির্ধারিত জায়গা না ছাড়ার অভিযোগে ভবনটির সীমানাপ্রাচীরের একটি অংশ ভেঙে দেওয়া হয়। পাশাপাশি মালিককে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে দুই মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

এ দিকে এলাকার একটি রেস্টুরেন্টেও অনুমোদন ও ব্যবহারবিধি যাচাই করতে অভিযান চালায় সিডিএ। ভবনটিতে রেস্টুরেন্ট পরিচালনার অনুমতি রয়েছে কি না এবং অনুমোদিত নকশার সঙ্গে কার্যক্রমের মিল আছে কি না, তা দেখতে কর্মকর্তারা সেখানে যান।

তবে দীর্ঘ সময় অপেক্ষা করেও রেস্টুরেন্টের মালিক বা দায়িত্বশীল কোনো ব্যক্তিকে পাওয়া যায়নি। ফলে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা সম্ভব না হওয়ায় রেস্টুরেন্টটি সিলগালা করে দেয় সিডিএ। বর্তমানে প্রতিষ্ঠানটি তালাবদ্ধ রয়েছে।