বাসস
  ২৭ আগস্ট ২০২৬, ১৭:৩০
আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ১৭:৩৩

চট্টগ্রামে প্রাইভেটকারের ধাক্কায় পথচারীর মৃত্যু

চট্টগ্রাম, ২৭ আগস্ট, ২০২৬ (বাসস) : চট্টগ্রামে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী প্রাইভেটকারের ধাক্কায় দেলোয়ার হোসেন (৪৬) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে নগরীর খুলশী থানাধীন পলিটেকনিক মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার হোসেন ফেনী জেলার দাগনভূঞার উপজেলার জয় নারায়ণপুর এলাকার নুর নবীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সকালে নগরীর পলিটেকনিক মোড় এলাকায় রাস্তা পার হচ্ছিলেন দেলোয়ার হোসেন। এ সময় দ্রুতগামীর একটি প্রাইভেটকার তাকে সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাসসকে বলেন, ভোরে প্রাইভেটকারের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।