শিরোনাম

লালমনিরহাট, ২৭ আগস্ট, ২০২৬ (বাসস) : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মকে মাদক, অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ও ভালো রাখতে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে।
আজ বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বেকার নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ১০টি সেলাই মেশিন এবং অসহায় ও ছিন্নমূল চার শতাধিক পরিবারের মধ্যে চাল, ডাল, লবণ, চিনি, হলুদ ও মরিচের গুঁড়াসহ বিভিন্ন শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের হাতে প্রায় ১০০টি ফুটবল তুলে দেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, একটি সুস্থ, মেধাবী ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে শিক্ষা ও খেলাধুলাকে সমান গুরুত্ব দিতে হবে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শিশু-কিশোরদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব, নৈতিকতা ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে ওঠে।
প্রযুক্তিনির্ভর বর্তমান সময়ে শিশু-কিশোরদের মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত সময় ব্যয়ের প্রবণতার কথা উল্লেখ করে তিনি বলেন, তাদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ক্রীড়া কার্যক্রম জোরদার এবং খেলার মাঠগুলো সচল রাখতে হবে।
আসাদুল হাবিব দুলু বলেন, শুধু ভালো ফলাফল করলেই একজন শিক্ষার্থী পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে ওঠে না। তাকে নৈতিকতা, শৃঙ্খলাবোধ, নেতৃত্ব ও দেশপ্রেমের শিক্ষায়ও গড়ে তুলতে হবে। খেলাধুলা এসব গুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার চর্চা বাড়ানোর আহ্বান জানান।
নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে ত্রাণমন্ত্রী বলেন, নারীদের শুধু সহায়তা দিলেই হবে না, তাদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। একটি পরিবারের একজন নারী আয় করতে পারলে ওই পরিবারের আর্থিক সক্ষমতা বাড়ার পাশাপাশি সন্তানদের শিক্ষা ও জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব পড়ে।
বড়বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা লিমনের সভাপতিত্বে অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনিতা দাস, ইউনিয়ন পরিষদের সদস্য, সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।