বাসস
  ২৬ আগস্ট ২০২৬, ২৩:৪৯

যৌবনের সময়টা যেন আমরা চরিত্র গঠনে নিয়োজিত করি : চবি উপাচার্য

ছবি: বাসস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ২৬ আগস্ট, ২০২৬ (বাসস) : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীদের তাদের যৌবনকাল সুন্দর চরিত্র গঠনে নিয়োজিত করার আহ্বান জানিয়েছেন।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চবি কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি আজ এ আহ্বান জানান।

উপাচার্য বলেন, ‘আমাদের যৌবনের এই সময়টাকে আমরা যেন সুন্দর চরিত্র গঠনে নিয়োজিত করি। কেননা রাসূল (সা.) ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। তিনি আমাদের জন্য সর্বোত্তম আদর্শ।’

তিনি আরও বলেন, ‘তুমি যত জ্ঞানী হও না কেন, তোমার চরিত্র যদি সুন্দর না হয়, তোমার জ্ঞান যদি মানবকল্যাণে কাজে না লাগে, তাহলে তোমার এই শিক্ষা-জ্ঞানের কোনো মূল্য নেই।’

চবি কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন।

উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, আমাদের প্রিয় নবী (সা.) তাঁর সমগ্র জীবনে সবচেয়ে বিশ্বাসী ও সত্যবাদী মানুষ ছিলেন। এমন একজন রাসূল আল্লাহ রাব্বুল আলামীন আমাদের দিয়েছেন, এটি আমাদের জন্য রহমত। আমাদের প্রজন্মকে বোঝাতে হবে, এর মধ্যেই সত্য নিহিত রয়েছে। 

মাহফিলে মূল আলোচক ছিলেন বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার।

তিনি বলেন, রাসূল (সা.)-এর প্রতি আমাদের প্রেম-ভালোবাসা থাকা অপরিহার্য। আমরা সমাজে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সভা, সেমিনার, আলোচনা ও মাহফিল অব্যাহত রাখব, পাশাপাশি নবীর সুন্নত ধরে রাখার চেষ্টা করব, ইনশাআল্লাহ।

আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জামে মসজিদের প্রধান ইমাম হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন। 

এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবির ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক ড. মো. আনোয়ার হোসেন এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হাছান মিয়া।

অনুষ্ঠানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পূর্বে আয়োজিত সাংস্কৃতিক ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।