শিরোনাম

রংপুর, ২৬ আগস্ট, ২০২৬ (বাসস): অবৈধ উপায়ে সার মজুত করায় জেলার মিঠাপুকুর উপজেলার একটি গোডাউনে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিক জামান এ অভিযান পরিচালনা করেন। এ সময় সঙ্গে ছিলেন উপজেলা কৃষি অফিসার লোকমান হেকিম ও মিঠাপুকুর থানা-পুলিশের সদস্যরা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার বালারহাট ইউনিয়নের একটি গোডাউনে অবৈধ উপায়ে ৬৪ বস্তা পটাশ সার মজুত করার অপরাধে সার ব্যবস্থাপনা আইনে মজুতকারি আব্দুল লতিফকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে উদ্ধারকৃত সারগুলো স্থানীয় কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিতরণ করা হয়।
মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার মো. পারভেজ জানান, মিঠাপুকুরে সার সংকট নেই। কৃষকদের কাছে নির্ধারিত দামে সার বিক্রি এবং সারের কৃত্রিম সংকট ঠেকাতে প্রশাসনের কঠোর নজরদারি রয়েছে। নিয়ম অমান্য করে কেউ বেশি দামে সার বিক্রি বা অবৈধভাবে মজুদ করে সারের কৃত্রিম সংকট তৈরি করার অপচেষ্টা করলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।