বাসস
  ২৬ আগস্ট ২০২৬, ২১:৫৭

লক্ষ্মীপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, মাদকবিরোধী শপথ

ছবি : বাসস

লক্ষ্মীপুর, ২৬ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলার রায়পুর উপজেলা ছাত্রদলের উদ্যোগে প্রায় ১৫০ জন জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীকে (এসএসসি) সংবর্ধনা ও মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়েছে। 

আজ বুধবার দুপুরে রায়পুর উপজেলা পরিষদ মিলনায়তন এ আয়োজন করা হয়। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।

প্রধান অতিথি আবুল খায়ের ভূঁইয়া বলেন, আগামীর বাংলাদেশ গড়ার জন্য মেধাবীদের অবদান বর্তমান সরকার অনুধাবন করতে পেরেছে। সবার জন্য শিক্ষার গুরুত্ব দেওয়া হয়েছে। গত বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট দেওয়া হয়েছে। 

সরকার শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার কারিকুলাম পরিবর্তনে কাজ করছে। বর্তমান প্রজন্ম যেন শিক্ষার সুযোগ পায়, সেজন্য আমরা জেলা পর্যায়ে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট স্থাপন করছি।

রায়পুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান রিফাতের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া, রায়পুর উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুর রহমান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক শারিয়ার ফয়সাল, রায়পুর পৌর বিএনপির আহ্বায়ক এবিএম জিলানী, সাবেক সদস্য সচিব সফিকুল আলম আলমাস, বাবনী ইউপির বিএনপি নেতা আলমগীর হোসেন, যুবদল নেতা আকবর হোসেন সম্রাট, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান আইনান ও পৌর ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম নিশাদ প্রমুখ।