শিরোনাম

নেত্রকোণা, ২৬ আগস্ট, ২০২৬ (বাসস): জেলার দুর্গাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে অটোরিকশার ভেতরে বিশেষ কায়দায় রাখা ৪৮০ বোতল ফেনসিডিল জব্দ এবং এর সঙ্গে জড়িত হৃদয় (২২) নামে এক যুবককে আটক করেছে। জব্দ ফেনসিডিলের আনুমানিক বাজার মূল্য ১৯ লাখ ২০হাজার টাকা।
বুধবার দুপুর ১২টা ১৩ মিনিটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা পুলিশের পক্ষে এ তথ্য বাসস’কে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুল ইসলাম।
তিনি জানান, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল ঝানজাইল নাইট চেকপোস্ট ডিউটি শেষে থানায় ফেরার পথে আজ সকাল ৮টা ২০ মিনিটের সময় নোয়াপাড়া শিমুলতলী এলাকায় এক যুবককে অটোরিকশাসহ দাঁড়িয়ে থাকতে দেখে। পুলিশের গাড়ি দেখে অটোরিকশা নিয়ে পালানোর চেষ্টাকালে পুলিশ ধাওয়া করে চালক হৃদয়কে আটক করে।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে অটোরিকশাটি তল্লাশি চালিয়ে গোপন চেম্বারে লুকানো ৪৮০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। আটক হৃদয় দুর্গাপুর উপজেলার মার্কাসমোড় এলাকার আবুল মিয়ার ছেলে।
এ ঘটনায় জব্দ আলামত ও আটক আসামির বিরুদ্ধে দুর্গাপুর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।