শিরোনাম

বাগেরহাট, ২৫ আগস্ট, ২০২৬ (বাসস) : গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোটসহ ১২ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।
আজ মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য বাসসকে নিশ্চিত করেন।
তিনি বলেন, গত রোববার (২৩ আগস্ট) রাত ৮টার দিকে ‘এফভি মায়ের দোয়া’ নামে একটি ফিশিং বোট ১২ জন জেলেসহ মাছ আহরণের সময় সুন্দরবনের দুবলার চর থেকে প্রায় ১২ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে। পরবর্তীতে বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এক জেলে ফিশিং বোটের মালিককে ফোন করে বিষয়টি জানান। পরে বোটের মালিক কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান।
তিনি আরও জানান, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন দুবলা তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানে গভীর সমুদ্র এলাকা থেকে ইঞ্জিন বিকল ফিশিং বোটসহ ১২ জেলেকে জীবিত উদ্ধার করা হয়।
উদ্ধার করা জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার দেয়া হয়েছে। বর্তমানে উদ্ধারকৃত বোটসহ জেলেদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জরুরি উদ্ধার কার্যক্রমে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।