শিরোনাম

চট্টগ্রাম, ২৫ আগস্ট, ২০২৬ (বাসস): ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে নাগরিকদের দেওয়া অভিযোগের ভিত্তিতে নগরীর ২২ নম্বর এনায়েত বাজার ও ১৬ নম্বর ওয়ার্ডের দেবপাহাড় এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।
মঙ্গলবার (২৫ আগস্ট) পরিচালিত অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও দখলদারিত্ব উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত করা হয়। এর ফলে পথচারীদের চলাচলের জন্য ফুটপাত উন্মুক্ত হয়েছে এবং সংশ্লিষ্ট এলাকায় জনসাধারণের চলাচলে স্বস্তি ফিরেছে।
চসিকের ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপের মাধ্যমে নগরবাসীর কাছ থেকে প্রাপ্ত বিভিন্ন নাগরিক অভিযোগকে গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট এলাকায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা-৩।
নগরীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে চসিক।