বাসস
  ২৫ আগস্ট ২০২৬, ১৮:০৮

চট্টগ্রাম বন্দরে নিলাম-অযোগ্য ১২৬ কনটেইনার পণ্য ধ্বংস করা হচ্ছে

ঢাকা, ২৫ আগস্ট, ২০২৬ (বাসস): চট্টগ্রাম কাস্টমস হাউস বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা নিলাম-অযোগ্য, নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ ১২৬টি কনটেইনারে রক্ষিত মোট ৩ হাজার ২৬৮ টন পণ্য পরিবেশসম্মত উপায়ে ধ্বংস করা হচ্ছে।

আজ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

ধ্বংসযোগ্য পণ্যসমূহের মধ্যে রয়েছে ৩৪ কনটেইনার নিম্নমানের খেজুর, ৪০ কনটেইনার মেয়াদোত্তীর্ণ সোডা অ্যাশ, ১৮ কনটেইনার মেয়াদোত্তীর্ণ ফিড গ্রেড লাইম স্টোন এবং অন্যান্য পচনশীল ও নষ্ট পণ্য যেমন—কমলা, পেঁয়াজ, কাজুবাদাম (কেশনাট) ইত্যাদি।

গতকাল সোমবার সকাল ১০টা থেকে চট্টগ্রাম বন্দর রিপাবলিক ক্লাবের পেছনের নির্ধারিত স্থানে এ ধ্বংস কার্যক্রম শুরু হয়েছে, যা নিরবচ্ছিন্নভাবে পরিচালিত হচ্ছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিজিবি, আনসার সদস্য এবং স্থানীয় বন্দর থানা পুলিশের একটি দল সরেজমিনে উপস্থিত থেকে পুরো ধ্বংস কাজের নিরাপত্তা নিশ্চিতকরণসহ সার্বিক সহায়তা প্রদান করছেন।

চট্টগ্রাম কাস্টমস হাউস পরিচালিত পচনশীল ও ক্ষতিকর পণ্য ধ্বংসের এ কার্যক্রম চট্টগ্রাম বন্দরের কনটেইনার জট নিরসনে অত্যন্ত কার্যকরী অবদান রাখবে বলে আশা প্রকাশ করছে জাতীয় রাজস্ব বোর্ড।

চট্টগ্রাম বন্দরের সার্বিক নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থার সহযোগিতায় বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা নিলাম-অযোগ্য এবং ধ্বংসযোগ্য পণ্যসমূহ পর্যায়ক্রমে ধ্বংস করার এ প্রক্রিয়া জরুরি ভিত্তিতে অব্যাহত থাকবে।