বাসস
  ১৮ আগস্ট ২০২৬, ২০:৪৮

জবির ইতিহাস বিভাগে ওবিই কারিকুলাম বাস্তবায়নের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত

ছবি : বাসস

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৬ (বাসস) : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাস বিভাগে আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) কারিকুলাম বাস্তবায়নের লক্ষ্যে ‘ক্লাস ডিজাইন অ্যান্ড ইভালুয়েশন স্ট্র্যাটেজি’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যানের কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদদীন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদদীন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ওবিই কারিকুলাম বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ইনস্টিটিউট ও বিভাগকে এগিয়ে আসতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ ও ইনস্টিটিউটে ওবিই কারিকুলাম বাস্তবায়ন অত্যাবশ্যক। এ ক্ষেত্রে ইতিহাস বিভাগ যেভাবে ওবিই কারিকুলাম বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে, তা বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের বিষয়।

তিনি আরও বলেন, ইতিহাস বিভাগ শুধু কারিকুলাম প্রণয়ন করেই দায়িত্ব শেষ করেনি, বরং কার্যকর মূল্যায়ন পদ্ধতি ও শ্রেণিকক্ষের পাঠদান পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে ওবিই কারিকুলাম বাস্তবায়নের ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেছে। এ ধরনের উদ্যোগ শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের কাক্সিক্ষত শিক্ষণ ফল অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কর্মশালাটি দুটি সেশনে অনুষ্ঠিত হয়। প্রথম সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবুল কাউসার ‘ওবিই ইন প্র্যাকটিস : ডিজাইনিং ক্লাসরুম টিচিং অ্যান্ড ইভালুয়েশন ফর ইফেক্টিভ অ্যাসেসমেন্ট’ শীর্ষক বিষয়ে বক্তব্য রাখেন।

তিনি ওবিই-এর মূলনীতি, শ্রেণিকক্ষের পাঠদান পরিকল্পনা, শিক্ষণ ফলভিত্তিক মূল্যায়ন এবং কার্যকর অ্যাসেসমেন্ট কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন ‘সিএলও বেইজড কোয়েশ্চেন সেটিং : আ হ্যান্ডস-অন অ্যাপ্রোচ’ শীর্ষক বিষয়ে বক্তব্য রাখেন।

কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কর্মশালা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুর্শিদা বিনতে রহমান। ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শহীদ কাদের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন।

কর্মশালায় ইতিহাসসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।