শিরোনাম

গোপালগঞ্জ, ১৬ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলার কাশিয়ানীতে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. খাজা নেওয়াজসহ উপজেলার বিভিন্ন স্থান থেকে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ রোববার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বাসসকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার (১৫ আগস্ট) রাতে যৌথ বাহিনীর সহযোগিতায় খুলনার খালিশপুর এলাকায় অভিযান চালায় কাশিয়ানী থানা পুলিশ। এ সময় খালিশপুরের নিজ বাসা থেকে কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজকে গ্রেফতার করা হয়। খাজা নেওয়াজের বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে।
ওসি আরো জানান, উপজেলার বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে সংগঠনটির ৩ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার চারজনকেই আজ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।