বাসস
  ১৬ আগস্ট ২০২৬, ১৭:৫১

যবিপ্রবিতে প্রথম ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’ প্রকাশ

ছবি : বাসস

যশোর, ১৬ আগস্ট, ২০২৬ (বাসস) : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো একটি ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’ প্রকাশ করা হয়েছে।

আজ রোববার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর প্রধান অতিথি হিসেবে এর মোড়ক উন্মোচন করেন।

আটটি অনুষদের অধীন ৩৮টি বিভাগের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য তৈরি করা এ নির্দেশিকায় বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস, জাতীয়-আন্তর্জাতিক অর্জন, বিভিন্ন দপ্তর ও বিভাগের সিটিজেন চার্টার, একাডেমিক ক্যালেন্ডার ও অর্ডিনেন্স, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের নিয়মাবলী, লাইব্রেরি-ল্যাব ব্যবহারের নীতিমালা, বৃত্তি ও আর্থিক সহায়তার তথ্য এবং হল ব্যবস্থাপনা-শৃঙ্খলা সংক্রান্ত নির্দেশনা অন্তর্ভুক্ত করা হয়েছে।

নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের বিভিন্ন পর্যায়ে দিকনির্দেশনা দিতে এটি সহায়ক হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, শিক্ষার্থীদের একাডেমিক ও প্রশাসনিক কাজ সহজ করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। তিনি বলেন, হ্যান্ডবুকটি শিক্ষার্থীদের সময় বাঁচানোর পাশাপাশি ক্যাম্পাসকে আরও শিক্ষার্থীবান্ধব করে তুলবে এবং নতুন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সেবা, নিয়মকানুন ও করণীয়-বর্জনীয় বিষয়ে স্পষ্ট ধারণা পাবে।

এ সময় উপস্থিত ছিলেন, যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসানসহ বিভিন্ন অনুষদের ডিন, তিনটি আবাসিক হলের প্রভোস্ট এবং উপ-রেজিস্ট্রার (একাডেমিক) নিত্যানন্দ পাল।