বাসস
  ১৬ আগস্ট ২০২৬, ১৭:৪৯

নেত্রকোণায় সেবাবান্ধব পুলিশ গড়তে ৫ দিনের প্রশিক্ষণ কোর্স শুরু

ছবি : বাসস

নেত্রকোণা, ১৬ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলায় ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে (আইটিসি) ‘সেবাবান্ধব’ পুলিশ গড়ে তোলার ক্ষেত্রে পুলিশের মোটিভেশন ট্রেনিং ও নৈতিক উন্নয়ন শীর্ষক ৫ দিন মেয়াদি এক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

আজ রোববার সকালে নেত্রকোণা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে নেত্রকোণা জেলার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, ‘একটি দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার প্রধান হাতিয়ার পুলিশ বাহিনী। তবে শুধু আইনের কঠোর প্রয়োগই যথেষ্ট নয়; সাধারণ মানুষের আস্থা ও ভরসার প্রতীক হতে হলে পুলিশকে হতে হবে প্রকৃত অর্থেই ‘সেবাবান্ধব’।’

আইটিসি নেত্রকোণার কমান্ড্যান্ট (পুলিশ সুপার) কানাই লাল সরকারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সেন্টারের কর্মকর্তা ও প্রশিক্ষণার্থী পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।