বাসস
  ১৫ আগস্ট ২০২৬, ১৭:৪৫

সেসিপ ও সেসডিপি প্রকল্পের জনবল বিষয়ে ৭ সদস্যের কমিটি গঠন

ঢাকা, ১৫ আগস্ট, ২০২৬ (বাসস) : সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) প্রকল্পের জনবল রাজস্বখাতে স্থানান্তর এবং সেকেন্ডারি এডুকেশন সেক্টর ডেভেলপমেন্ট প্রোগ্রাম (সেসডিপি) প্রকল্পের জনবল-সংক্রান্ত মামলার রায় বাস্তবায়নে ৭ সদস্যের একটি কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মুহাম্মদ মেহেদী হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে সম্প্রতি এ তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, কমিটির আহ্বায়ক করা হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন)-কে। সদস্য হিসেবে রয়েছেন অতিরিক্ত সচিব/যুগ্মসচিব (মাধ্যমিক-১ অনুবিভাগ), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, যুগ্মসচিব (প্রশাসন অধিশাখা), যুগ্মসচিব (উন্নয়ন-১ অধিশাখা), আইন কর্মকর্তা এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন যুগ্মসচিব (পরিকল্পনা অধিশাখা)।

আদেশে কমিটির কার্যপরিধি নির্ধারণ করে বলা হয়েছে, সেসিপ প্রকল্পের জনবল রাজস্বখাতে স্থানান্তর এবং এ-সংক্রান্ত মামলার রায় বাস্তবায়নের বিষয়ে সমন্বিত মতামত সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের কাছে উপস্থাপন করবে কমিটি। এছাড়া প্রয়োজন হলে কমিটি সদস্য কো-অপ্ট করতে পারবে।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।