শিরোনাম

চট্টগ্রাম, ১৫ আগস্ট, ২০২৬ (বাসস): জেলার সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মো. এয়াছিন হোসেন (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলার ফৌজদারহাট জলিলগেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
বার আউলিয়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (এসআই) মিল্টন মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত এয়াছিন কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার হাজীপাড়া মিয়াজি বাড়ির হাছান আলীর ছেলে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সকালে ফৌজদারহাট জলিলগেট এলাকায় অজ্ঞাত গাড়ির সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এয়াছিন হোসেন নিহত হন। খবর পেয়ে বারআউলিয়া হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
বারআউলিয়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (এসআই) মিল্টন মণ্ডল বাসসকে জানান, অজ্ঞাত গাড়ির সাথে সংঘর্ষে এয়াছিন হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। তবে ঠিক কি গাড়ির সাথে সংঘর্ষ হয়েছে তা শনাক্ত করা যায়নি। নিহতের মরদেহ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।নিহতের পরিবারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।