বাসস
  ১২ আগস্ট ২০২৬, ১৮:৫১

জাপানে কর্মসংস্থানের জন্য ভাষা দক্ষতা, পেশাদারিত্ব ও কর্মসংস্কৃতির ওপর গুরুত্ব

ছবি : সংগৃহীত

ঢাকা, ১২ আগস্ট, ২০২৬ (বাসস) : বাংলাদেশ থেকে জাপানে দক্ষ জনশক্তি পাঠানো, তরুণদের দক্ষতা উন্নয়ন, জাপানি ভাষা শিক্ষা ও আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ নিয়ে বাংলাদেশ কোস্ট গার্ড টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে (বিসিজিটিটিআই) ‘টুডেস ট্রেনিং, টুমোরোস জার্নি টু জাপান’ শীর্ষক সেমিনার ও সনদ বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত এ আয়োজনে তিনটি ব্যাচের প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কোস্ট গার্ডের পরিচালক (লজিস্টিকস) ক্যাপ্টেন মোহাম্মদ হাফিজুল বিল্লাহ (এস), পিএসসি, পিসিজিএমএস, বিএন।

বিশেষ অতিথি ছিলেন জাপানের ফুকুজাওয়া গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান জুন ফুকুজাওয়া ও তার কর্মীবৃন্দ।

হাই টেক কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইউশিদা তোমোহিরোর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ প্রতিনিধি হিসেবে জাপানের চারজন অতিথি এবং জাপানি বিশেষজ্ঞ প্রশিক্ষকদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়।

সেমিনারে বাংলাদেশের তরুণ কর্মীবাহিনীর দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে সরকারি প্রতিষ্ঠান, প্রশিক্ষণকেন্দ্র ও বেসরকারি খাতের মধ্যে কার্যকর সহযোগিতার গুরুত্ব ও সম্ভাবনা তুলে ধরা হয়।

হার্টফুল লিমিটেডের মতে, বাংলাদেশ কোস্ট গার্ডের প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ও পেশাদারিত্ব এবং বিসিজিটিটিআইয়ের প্রশিক্ষণমুখী অবকাঠামো ও যৌথ উদ্যোগ একটি দক্ষ, দায়িত্বশীল ও কর্মসংস্থানমুখী তরুণ কর্মীবাহিনী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বক্তারা বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে সফলতার জন্য শুধু কারিগরি প্রশিক্ষণ যথেষ্ট নয়। এর পাশাপাশি ভাষাগত দক্ষতা, পেশাদারিত্ব, সময়ানুবর্তিতা, দায়িত্ববোধ এবং জাপানি কর্মসংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে হার্টফুল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুরাদ হাসান জেনিথ বাংলাদেশ থেকে দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি অভিবাসনের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, আজকের প্রশিক্ষিত তরুণরা ভবিষ্যতে দক্ষ জনশক্তি ও কর্মসংস্থান সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ ও জাপানের মধ্যকার সম্পর্কের সেতুবন্ধন আরো শক্তিশালী করতে ভূমিকা রাখবেন।

অনুষ্ঠানে বাংলাদেশ কোস্ট গার্ড ও বিসিজিটিটিআইয়ের প্রতিনিধি, হার্টফুল লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষণার্থী এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।