বাসস
  ১০ আগস্ট ২০২৬, ১৭:৩৯

সীমান্তবর্তী যুবকদের জন্য মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণ চালু করল বিজিবি

ঢাকা, ১০ আগস্ট, ২০২৬ (বাসস) : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নওগাঁ জেলার সাপাহার উপজেলার সীমান্তবর্তী এলাকার যুবকদের জন্য মাসব্যাপী মোবাইল ফোন সার্ভিসিং ও মেরামত প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে।

বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং চোরাচালান, মাদক পাচার ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড থেকে যুবকদের নিরুৎসাহিত করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিজিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

আজ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) গত ৯ আগস্ট সাপাহারের আইহাই ইউনিয়ন পরিষদে অবস্থিত বর্ডার টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে এই প্রশিক্ষণের আয়োজন করে।

আইহাই ইউনিয়নের ২৭ জন বেকার যুবক এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন, যা ৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

প্রশিক্ষণার্থীরা মোবাইল ফোনের হার্ডওয়্যার ও সফটওয়্যার-সংক্রান্ত ত্রুটি শনাক্তকরণ, মেরামত ও রক্ষণাবেক্ষণ এবং আধুনিক মোবাইল সার্ভিসিং প্রযুক্তি বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক পাঠ গ্রহণ করবেন।

যুব উন্নয়ন অধিদপ্তর নির্বাচিত দুজন দক্ষ স্থানীয় প্রশিক্ষক এই প্রশিক্ষণ পরিচালনা করছেন।

প্রধান অতিথি হিসেবে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, নির্বাচিত জনপ্রতিনিধি, যুব উন্নয়ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।