শিরোনাম

টাঙ্গাইল, ১০ আগস্ট ২০২৬ (বাসস) : জেলার সখিপুর উপজেলায় আজ বিভিন্ন অনিয়মের দায়ে দু’টি ক্লিনিককে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ সোমবার দুপুরে জেলার সখিপুর উপজেলায় অভিযানকালে এ জরিমানা করেন জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, সখিপুর উপজেলায় অভিযানকালে নিধি ডায়াগনস্টিক সেন্টারের প্যাথলজির ভিতরে থাকা রেফ্রিজারেটরে কাঁচা মাছ সংরক্ষণের দায়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। অপরদিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় গ্রীণ লাইফ ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানকালে সখিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহানা পারভীন সহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।