বাসস
  ১০ আগস্ট ২০২৬, ১৭:৩৩

ময়মনসিংহের ১০ শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী এসএসসি পাশ করেছে

ছবি: বাসস

ময়মনসিংহ, ১০ আগস্ট, ২০২৬ (বাসস) : ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী পাস করেছেন। এতে বিদ্যালয়গুলোর শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মো. এনামুল হক আজ সকালে ময়মনসিংহ শিক্ষা বোর্ড কার্যালয়ে এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার সময় এ তথ্য নিশ্চিত করেন।

এর মধ্যে বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ২৮৯ জন এবং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মোমেনশাহীর ২৮৫ জন পরীক্ষার্থী সবাই পাস করেছেন। এ ছাড়াও ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের ৫৩ জন, আইডিয়াল মডেল একাডেমির ৬৯ জন, ময়মনসিংহ ইন্টারন্যাশনাল স্কুলের ২০ জন, নলুয়াকুড়ি কুমারী মারিয়া হাইস্কুলের ১৬ জন, উত্তর গোয়ালেরচর আইডিয়াল হাইস্কুলের ৩৪ জন, চিলড্রেনস হোম পাবলিক স্কুলের ৭৮ জন, ফুলবাড়িয়ার ভালুকাজান মডার্ন গার্লস একাডেমির ১ জন এবং শহীদ স্মৃতি বিদ্যাপীঠের ৩৬ জন পরীক্ষার্থী সবাই পাস করেছেন।

উল্লেখ্য, এ বছর ময়মনসিংহ শিক্ষা বোর্ড থেকে ১ লাখ ৫ হাজার ২৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে পাস করেছেন ৬০ হাজার ২৭৪ জন। এছাড়াও এবার পরীক্ষায় অংশ নেওয়া ছাত্রের সংখ্যা ৫৩ হাজার ৮৭৭ এবং ছাত্রী ৫১ হাজার ১৫১। এর মধ্যে ছাত্রদের পাসের হার ৫২ দশমিক ৬৬ শতাংশ। ছাত্রীদের পাসের হার ৬২ দশমিক ৩৭ শতাংশ। অর্থাৎ ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের হার ৯ দশমিক ৭১ শতাংশ বেশি। এবার জিপিএ-৫ পেয়েছেন ৫ হাজার ৭০০ জন। তাদের মধ্যে ছাত্র ২ হাজার ৬২১ এবং ছাত্রী ৩ হাজার ৭৯ জন।

বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে পাসের হার ছিল ৮৫ দশমিক ৪৯ শতাংশ। ২০২৪ সালে ৮৫ শতাংশ এবং ২০২৫ সালে ৫৮ দশমিক ২২ শতাংশ। এবার তা আরও কমে ৫৭ দশমিক ৩৯ শতাংশ হয়েছে। বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগে পাসের হার সবচেয়ে বেশি, ৭১ দশমিক ৮৯ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে ৪৮ দশমিক ৯১ শতাংশ এবং মানবিক বিভাগে ৪৬ দশমিক ১২ শতাংশ।

তবে ময়মনসিংহ বিভাগের চার জেলার মধ্যে নেত্রকোনায় পাসের হার সবচেয়ে বেশি, ৬০ দশমিক ৪১ শতাংশ। ময়মনসিংহে ৫৭ দশমিক ৮০, জামালপুরে ৫৫ দশমিক ৬০ এবং শেরপুরে ৫৫ দশমিক ৪৪ শতাংশ।