বাসস
  ০৯ আগস্ট ২০২৬, ০০:০৬

জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে নতুন করে স্বাধীন করেছে : গণপূর্তমন্ত্রী 

ছবি : বাসস

কুমিল্লা, ৮ আগস্ট, ২০২৬ (বাসস) : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, জুলাই যোদ্ধারা চব্বিশের গণঅভ্যুত্থানে জীবন বাজি রেখে বাংলাদেশকে আরেকবার স্বাধীন করেছে। এই কথাটি শুধু মুখেই না বলে সকলকে কর্মে ও অন্তরে ধারণ করতে হবে।  

আজ বিকেলে কুমিল্লা টাউন হল ময়দানে দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাকারিয়া তাহের বলেন, জুলাই আন্দোলনকারীরা সুন্দর বাংলাদেশ প্রত্যাশা করেছিলেন। আমরা এমন বাংলাদেশ গড়ে তাদের প্রত্যাশা পূরণ করতে চাই। 

তিনি বলেন, আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা একটা শপথ গ্রহণ করি যে, আমরা শহীদদের ত্যাগ বৃথা যেতে দেবো না। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিদিন ১৭ থেকে ১৮ ঘণ্টা কাজ করে যাচ্ছেন। বিগত পনেরো বছরের দুঃশাসন দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিল। এখন আপনারা যার যার অবস্থান থেকে যদি দেশ গড়ার জন্য প্রধানমন্ত্রীকে সহযোগিতা করেন তবেই এ দেশ ঘুরে দাঁড়াবে। আপনাদেরকে কথা দিচ্ছি, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার এ দেশ কি সঠিক পথে নিয়ে যাবে। আমরা যদি আমাদের কাজটা করতে পারি দেশের চেহারা বদলে যাবে। 

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানে শহীদ পরিবারদের আশ্বস্ত করতে চাই, আমার মন্ত্রণালয় থেকে যে ধরনের সুযোগ সুবিধা অন্যান্য শহীদ পরিবাররা পাবে, আপনারাও সেটা অবশ্যই পাবেন। সরকার ঘোষিত যেকোনো ধরনের সুযোগ সুবিধা যদি শহীদ পরিবার না পেয়ে থাকেন, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন।  

সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন কুমিল্লা ৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী। 

তিনি বলেন, ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে এ দেশের ছাত্র জনতা দীর্ঘদিনের চেপে থাকা স্বৈরাচার থেকে দেশকে মুক্ত করেছে। তাদের আত্মত্যাগকে আমরা ভুলে যেতে দেব না। আমরা জুলাইকে মনেপ্রাণে বিশ্বাস করি, ধারণ করি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের নেতৃত্বের এদেশ পথ হারাবে না।

মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কেন্দ্রীয় বিএনপির সদস্য সাবেরা আলাউদ্দিন হেনা, কুমিল্লা বারের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কাইমুল হক রিংকু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইউম, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আখতার হোসাইন, মহানগর যুবদলের আহ্বায়ক ফয়সালুর রহমান পাভেল, যুগ্ম আহ্বায়ক রিয়াজুদ্দিন রিয়াজ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আতিক সেলিম রুবেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুমিল্লার আহ্বায়ক সাকিব হুসাইনসহ জুলাই যোদ্ধা, শহীদ পরিবার, বিএনপির জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।