বাসস
  ০৮ আগস্ট ২০২৬, ১৯:৫৪

যশোরের অভয়নগরে ইয়াবাসহ গ্রেপ্তার ২

যশোর, ৮ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলার অভয়নগর উপজেলায় ১,৪১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন, সুমন মোল্যা (৩২) ও আকাশ বিশ্বাস (৩০)।

আজ সকাল ১১টার দিকে উপজেলার বেঙ্গল রেলগেট এলাকায় মডেল কলেজসংলগ্ন হাফিজুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সুমন মোল্যা উপজেলার চলিশিয়া ইউনিয়নের বাগদাহ গ্রামের ফারুক মোল্যার পুত্র। আকাশ বিশ্বাস একই গ্রামের ওসমান বিশ্বাসের পুত্র। তারা দুজনই ওই বাড়ির ভাড়াটিয়া ছিলেন। অভিযানে তাদের কাছ থেকে ইয়াবার পাশাপাশি মাদক বিক্রির নগদ তিন হাজার টাকাও উদ্ধার করা হয়।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, ১,৪১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।  গ্রেপ্তারকৃত দুই মাদক কারবারির বিরুদ্ধে অভয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হচ্ছে। একই থানায় তাদের বিরুদ্ধে এর আগের সাতটি মাদক মামলা রয়েছে।