বাসস
  ০৮ আগস্ট ২০২৬, ২০:৪১

চবির ৩৬তম বার্ষিক সিনেট সভা অনুষ্ঠিত

ছবিঃ বাসস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ৮ আগস্ট, ২০২৬ (বাসস) : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৩৬তম বার্ষিক সিনেট সভা অনুষ্ঠিত হয়েছে। 

সভায় ২০২৫-২৬ অর্থবছরের ৪৮৯ কোটি ৯৯ লাখ ৭৯ হাজার টাকার সংশোধিত এবং ২০২৬-২৭ অর্থবছরের ৫০৩ কোটি ৪৭ লাখ ৩৭ হাজার টাকার মূল বাজেট অনুমোদন করা হয়েছে।

আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের ড. এ আর মল্লিক ভবনের (প্রশাসনিক ভবন) উপাচার্য দপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান।

সভায় উপাচার্য বলেন, চবিকে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে প্রশাসন শিক্ষা, গবেষণা, অবকাঠামো ও প্রশাসনিক কার্যক্রমের আধুনিকায়নে কাজ করছে। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও ইনস্টিটিউটে আউটকাম বেসড এডুকেশন (ওবিই) ও অভিন্ন সেমিস্টার পদ্ধতি চালু করা হয়েছে।

ড. মোহাম্মদ আল্-ফোরকান জানান, ২০২৫-২৬ অর্থবছরে চবি গবেষণা সেলের মাধ্যমে শিক্ষকদের গবেষণা অনুদান খাতে ১০ কোটি টাকা, এমফিলসহ অন্যান্য খাতে ৬৭ লাখ টাকা এবং পিএইচডি ও মাস্টার্স থিসিসে অর্থায়ন অব্যাহত রয়েছে। আগামী অর্থবছরের জন্য গবেষণা অনুদান বাবদ ইউজিসির কাছে ২৯ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছে।

এছাড়া, শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে প্রায় ৩ হাজার কোটি টাকা ব্যয়ে আরও দুটি উন্নয়ন প্রকল্পের ডিপিপি প্রণয়ন করা হয়েছে বলে জানান উপাচার্য। 

এসব প্রকল্পের আওতায় ১০টি আবাসিক হল, বিদেশি শিক্ষার্থী ও গবেষকদের জন্য আবাসিক হল, একাডেমিক ভবন, ব্লু-ইকোনমি রিসার্চ সেন্টার, কেন্দ্রীয় জাদুঘর, গ্রন্থাগারের দ্বিতীয় ভবন, স্টেডিয়াম, সুইমিং পুল, আধুনিক গবেষণাগার, ৫০ শয্যার হাসপাতাল, ডে-কেয়ার সেন্টার, ওয়াকওয়ে, ফুড কোর্ট ও ওয়েট মার্কেটসহ বিভিন্ন স্থাপনা নির্মাণের পরিকল্পনা রয়েছে বলেও জানান ড. মোহাম্মদ আল্-ফোরকান।

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন চবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম। 

সভায় উপাচার্যের বক্তব্য ও বাজেটের ওপর আলোচনা করেন সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, এরশাদ উল্লাহ, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও সাঈদ আল নোমান। এছাড়া সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ানসহ সিনেটের অন্যান্য সদস্যরা আলোচনায় অংশ নেন।