শিরোনাম

সিলেট, ৮ আগস্ট, ২০২৬ (বাসস): ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হতাহতদের আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।
দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ৫ লাখ, পঙ্গুত্ব বরণকারীদের ৩ লাখ এবং চিকিৎসাধীন আহতদের ১ লাখ টাকা করে অনুদান দেওয়া হবে।
প্রধানমন্ত্রীর নির্দেশে হতাহতদের এই আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
দুর্ঘটনায় আহত চিকিৎসাধীনদের দেখতে আজ (শনিবার) সকালে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান মন্ত্রী। এ সময় তিনি আহতদের খোঁজখবর নেন এবং যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।
হতাহতদের আর্থিক সহায়তার ঘোষণা দিয়ে আরিফুল হক বলেন, বিআরটিএর মাধ্যমে নির্ধারিত একটি ফরম হাসপাতালের পরিচালকের কাছে দেওয়া হয়েছে। ওই ফরম যথাযথভাবে পূরণ করে জমা দেওয়ার পর সংশ্লিষ্টরা সরকারি অনুদানের টাকা পাবেন।
ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনা রোধে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও প্রতিযোগিতামূলকভাবে গাড়ি চালানো বন্ধে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।
তিনি বলেন, বিশেষ করে সকালে মহাসড়ক ফাঁকা থাকায় চালকদের বেপরোয়া গতি ও অহেতুক প্রতিযোগিতার বিষয়ে নজরদারি বাড়ানো হয়েছে।
গতকাল (শুক্রবার) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরের কাশিকাপন এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হন।
মহাসড়কে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের সংঘর্ষে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান। নিহতরা সবাই ছিলেন ইউনিক পরিবহনের যাত্রী।
এ ছাড়াও অন্তত ২৪ জন যাত্রী আহত হন। তাদের মধ্যে ১৪ জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।