বাসস
  ০৮ আগস্ট ২০২৬, ১৬:৩১

রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন

শনিবার রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) এর নতুন কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়। ছবি : বাসস

রাঙ্গামাটি,৮ আগস্ট ২০২৬(বাসস); পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সব সম্প্রদায়ের মানুষের সাংবিধানিক অধিকার, জননিরাপত্তা ও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে রাঙ্গামাটিতে  পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) এর নতুন কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার সকালে রাঙ্গামাটি পৌরসভা সংলগ্ন মৃধা ভবনের তৃতীয় তলায় স্থাপিত নতুন কেন্দ্রীয় কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পিসিএনপির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ইসলামিক সেন্টারের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক এ্যাড. মোক্তার আহমেদ।

সভায়  উপস্থিত ছিলেন রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ, পিসিএনপি কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো শাহজালাল রানা, হেফাজতে ইসলামের জেলা সভাপতি মাওলানা শরিয়ত উল্লাহ,জেলা আসবাবপত্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুস শুক্কুর, পিসিএনপি  জেলা সভাপতি আবু বক্কর সিদ্দিক, পিসিএনপি বান্দরবান জেলা সভাপতি মাওলানা আবুল কালাম প্রমুখ। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ পাহাড়ে বসবাসরত বাঙালিসহ সব সাধারণ মানুষের সাংবিধানিক অধিকার রক্ষা, সমান সুযোগ নিশ্চিতকরণ এবং নাগরিক নিরাপত্তা প্রতিষ্ঠার দাবিতে কাজ করে যাচ্ছে। নতুন কেন্দ্রীয় কার্যালয় চালুর মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেন।