বাসস
  ০৮ আগস্ট ২০২৬, ১৭:৩৮

বন্যায় ক্ষতিগ্রস্ত কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য চেয়েছে সরকার

ঢাকা, ৮ আগস্ট, ২০২৬(বাসস): সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের জরুরি তথ্য চেয়েছে সরকার। পুনর্বাসন পরিকল্পনা গ্রহণ ও ক্ষতিপূরণ মূল্যায়নের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত গত বৃহস্পতিবারের এক পত্রে এতথ্য চাওয়া হয়।

এর আগে সম্প্রতি বন্যা পরিস্থিতি মোকাবিলা, জরুরি সাড়াদান ও দুর্যোগ পরবর্তী কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সিদ্ধান্তের আলোকেই শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ক্ষয়ক্ষতির ডাটাবেজ তৈরির প্রক্রিয়া শুরু করা হয়।

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জারি করা এক চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে আক্রান্ত জেলাগুলোতে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনস্থ কোনো শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তার বিস্তারিত তথ্য দ্রুততম সময়ে মন্ত্রণালয়ে পাঠাতে হবে। মন্ত্রণালয়ের ওই নির্দেশনার পর কারিগরি শিক্ষা বোর্ড থেকে গত বৃহস্পতিবার এ বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বোর্ডের আওতাধীন সকল কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও অধ্যক্ষদের স্ব-স্ব প্রতিষ্ঠানের অবকাঠামোসহ সার্বিক ক্ষয়ক্ষতির সঠিক তথ্য নির্দিষ্ট ইমেইলে ([email protected]⁠) পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।