বাসস
  ০৮ আগস্ট ২০২৬, ১৬:২৬

রাঙ্গামাটিতে সহস্রাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

শনিবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দের আওতায় জেলায় পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত সহস্রাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ। ছবি : বাসস

রাঙ্গামাটি, ৮ আগস্ট, ২০২৬ (বাসস): প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দের আওতায় জেলায় পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত সহস্রাধিক পরিবারের মাঝে  খাদ্য সহায়তা বিতরণ করেছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ।

আজ শনিবার সকালে রাঙ্গামাটি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রিজার্ভ বাজারস্থ শহীদ আব্দুল আলী একাডেমি প্রাঙ্গণে  খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।

এ সময় খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্সের সভাপতি এ্যাড. মামুনুর রশিদ মামুন, জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম, পৌর বিএনপির সভাপতি শফিউল আজম শফি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. নাছির উদ্দীন, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নাছির উদ্দীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

খাদ্য বিতরনকালে জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার  বলেন, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে রাঙ্গামাটি পার্বত্য জেলার ক্ষতিগ্রস্ত মানুষের কথা বিবেচনায় রেখে প্রধানমন্ত্রী তারেক রহমান পার্বত্য মন্ত্রণালয়ের মাধ্যমে পার্বত্য অঞ্চলে বিশেষ   খাদ্য সহায়তা বরাদ্দসহ নানাবিধ সহায়তার ব্যবস্থা করেছেন। আমরা জেলা পরিষদের মাধ্যমে তা বিতরণ করছি।

তিনি বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে পর্যায়ক্রমে রাঙ্গামাটি পৌরসভার নয়টি ওয়ার্ডের দুর্যোগকবলিত পরিবারগুলোর মাঝেও খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হবে।

অনুষ্ঠানে বন্যা ও পাহাড় ধসে  ক্ষতিগ্রস্ত সহস্রাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।