শিরোনাম

ব্রাহ্মণবাড়িয়া, ৭ আগস্ট, ২০২৬ (বাসস): জেলার বিশিষ্ট শিক্ষানুরাগী, স্বর্ণপদকপ্রাপ্ত সমাজসেবক ও বীর মুক্তিযোদ্ধা মরহুম আরিফুল ইসলাম ভূঁইয়ার স্মরণে আজ শুক্রবার ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে ৫ শতাধিক মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে ওষুধ পেয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের গুড়িগ্রাম পশ্চিমপাড়ায় মরহুম আরিফুল ইসলাম ভূঁইয়ার নিজ বাড়িতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আল খলিল ডায়াগনস্টিক হাসপাতালের সহযোগিতায় আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা প্রদান করেন।
তাদের মধ্যে ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালের সহকারী পরিচালক ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোস্তাফিজুর রহমান, শিশু বিশেষজ্ঞ ডা. তামান্না মাহজাবীন, ক্যান্সার বিশেষজ্ঞ ডা. মো. রহমত উল্লাহ ভূঁইয়া, সার্জারি বিশেষজ্ঞ ডা. কে এম সাকিব, মেডিসিন বিশেষজ্ঞ ডা. নূর ইসরাত, ব্রেস্ট বিশেষজ্ঞ ডা. তানজিনা ভূঁইয়া, স্ত্রী ও গাইনি বিশেষজ্ঞ ডা. ডালিয়া আক্তার, মেডিসিন ও নিউরোলজি বিশেষজ্ঞ ডা. কামরুল হাসান অনিক এবং ডা. তারানা ভূঁইয়া রূপা।
ফ্রি মেডিকেল ক্যাম্পের সার্বিক আয়োজনে সহযোগিতা করেন মরহুম আরিফুল ইসলাম ভূঁইয়ার সহধর্মিণী সানজিদা আরিফ।