শিরোনাম

টাঙ্গাইল, ৭ আগস্ট, ২০২৬ (বাসস) : টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সংবাদপত্র একটি দেশের দর্পণের মতো কাজ করে।
সমাজের বিভিন্ন ত্রুটি-বিচ্যুতি তুলে ধরার পাশাপাশি মানুষকে সঠিক পথে চলতে এবং সমাজকে সুন্দর ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালনায় সংবাদপত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অপ-সাংবাদিকতা রোধে প্রকৃত সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আজ শুক্রবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে সাপ্তাহিক ‘সময় তরঙ্গ’-এর শুভ উদ্বোধন ও প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সাংবাদিকদের কাজ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের বিভিন্ন ত্রুটি-বিচ্যুতি তুলে ধরা হয়। মানুষ যাতে সঠিক পথে চলে এবং সমাজ যাতে সুন্দর ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হয়,
সে বিষয়ে দিকনির্দেশনা দেওয়ার ক্ষেত্রেও সংবাদপত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাংবাদিকতার ক্ষেত্রে যে কিছু অপসাংবাদিকতা রয়েছে, তা অবশ্যই পরিহার করা উচিত।
গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা কখনোই গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করব না। কারও স্বাধীনতায় আমরা হস্তক্ষেপ করব না। আমরা সাংবাদিকদের সর্বোচ্চ সহযোগিতা করব।
তারাই তাদের নেতৃত্ব নির্বাচিত করবে। আমরা শুধুমাত্র পরিবেশ তৈরি করে দেব।
টাঙ্গাইলের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই টাঙ্গাইল একটি বৃহৎ অঞ্চল। এই জেলা অনেক বিষয়ে সমৃদ্ধশালী ও ঐতিহ্যবাহী।
গর্ব করার মতো অনেক কিছুই রয়েছে। এই টাঙ্গাইলকে এগিয়ে নিতে হলে সব শ্রেণি-পেশার মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন।
সাপ্তাহিক ‘সময় তরঙ্গ’-এর সম্পাদক ও প্রকাশক মো. রওশন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।