বাসস
  ০৭ আগস্ট ২০২৬, ১৭:৫৬

লক্ষ্মীপুরে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

প্রতীকী ছবি

লক্ষ্মীপুর, ৭ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলার রামগঞ্জ উপজেলার চন্ডিপুরের উত্তর হাজিপুর এলাকায় বিলের পানিতে ডুবে মো. মাহসিন নামে (১০) বছরের ৫ম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত মহসিন ওই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে ও কালুপুর মাদ্রাসার ৫ম শ্রেণির শিক্ষার্থী। শুক্রবার দুপুরে এই দূর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন স্বজনরা।

পুলিশ ও স্বজনরা জানায়, শুক্রবার দুপুরে বাড়ির পাশের বিলে বন্ধুদের সাথে পানিতে খেলতে নামে। সাঁতার না জানার কারণে হঠাৎ বিলের পানিতে ডুবে যায় মহসিন। এসময় বিল থেকে অন্যরা উঠতে পারলেও মহসিন ডুবে যায়। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে শিশুটির মরদেহ পানিতে ভেসে উঠলে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনার পর এলাকায় নেমে আসে শোকের ছায়া।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বিষয়টি বাসস’কে নিশ্চিত করে জানান, এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা মেনে নেয়া যায় না। যেহেতু এখন বর্ষাকাল, তাই শিশুদের নিয়ে পরিবারের সবাইকে সচেতন হতে হবে। পাশাপাশি পরিবারের কোনো অভিযোগ না থাকলে ময়নাতদন্ত ছাড়া দাফন করতে কোনো সমস্যা নাই।