শিরোনাম

গাইবান্ধা, ৭ অগাস্ট, ২০২৬ (বাসস): জেলার সাদুল্লাপুর উপজেলার নলেয়া নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া প্রবাসী ইউনুস আলীর (৪৫) মরদেহ ২২ ঘণ্টা পর উদ্ধার করেছে ডুবুরি দল।
আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের রগুনাথপুর মরাঘাটি নলেয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের তরফজাহান ঝাউলার বাজার এলাকায় নলেয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইউনুস আলী একই ইউনিয়নের নয়াপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিক মিয়ার ছেলে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনুস আলী দীর্ঘ ১৫ বছর ধরে সৌদি আরবে ছিলেন। সম্প্রতি তিনি বাড়িতে আসেন। গতকাল দুপুরে বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে নলেয়া নদীতে শখের বসে মাছ ধরছে যান।
দীর্ঘ সময় ইউনুস আলী বাড়িতে না ফেরায় খুঁজতে থাকে তার পরিবার। স্বজনরা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও ইউনুস আলীর কোনো সন্ধান পাননি। পরে রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি পুলিশকে জানায় স্বজনরা।
এরপর আজ শুক্রবার রংপুর থেকে আসা ডুবুরি দল সকাল ৭টা থেকে নলেয়া নদীর বিভিন্নস্থানে তল্লাশি চালায়। একপর্যায়ে সকাল ৯টা ৩০ মিনিটের দিকে নলেয়া নদী থেকে প্রবাসী ইউনুস আলীর মরদেহ উদ্ধার করা করে। পরে লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
সাদুল্লাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) আবদুর রহমান বলেন, নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ প্রবাসীর ইউনুস আলীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।