বাসস
  ০৭ আগস্ট ২০২৬, ১১:৫০
আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ১২:৫০

ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৮, আহত ২৫

 

সিলেট, ৭ আগস্ট, ২০২৬ (বাসস) : ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৮ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।

আজ সকালে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাস এবং সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের মধ্যে এ দুর্ঘটনা ঘটে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, ঢাকাগামী ইউনিক পরিবহনের বাস (ঢাকা মেট্রো-ব ১৫-২৫৬৩) ও সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের (ঢাকা মেট্রো-ব ১২-৫৯৮৭) মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের সাত যাত্রী নিহত হন।

পরে উদ্ধার করে গুরুতর আহত তিন বছরের এক শিশুকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতদের সবাই ইউনিক পরিবহনের যাত্রী বলে পুলিশ জানিয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ, ওসমানীনগর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। নিহতদের লাশ উদ্ধার করে শেরপুর হাইওয়ে পুলিশ বালাগঞ্জ হাসপাতালে রেখেছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।