শিরোনাম

ঝিনাইদহ, ৭ আগস্ট, ২০২৬ (বাসস): জেলার শৈলকুপা উপজেলার বড়দাহ মাদ্রাসা এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তুফান দাস (৩১) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত তুফান দাস সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের হরিপদ দাসের ছেলে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা বালুবাহী একটি ট্রাক ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বড়দাহ মাদ্রাসা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা ধানবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে বালুবাহী ট্রাকের চালক তুফান দাস ট্রাকের কেবিনে আটকা পড়েন। এছাড়া বালুবাহী ট্রাকের হেলপার ও ধানবোঝাই ট্রাকের চালক গুরুতর আহত হন।
খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহত দুইজনকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় ট্রাকের কেবিন কেটে আটকে থাকা চালক তুফান দাসকে উদ্ধার করা হলেও ততক্ষণে তিনি মারা যান।
শৈলকুপা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মহিউদ্দিন জানান, রাত ১১টা ৩৫ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে ১১টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করা হয়। আহতদের হাসপাতালে পাঠানো হয়। প্রায় এক ঘণ্টা চেষ্টা করে বালুবাহী ট্রাকের চালককে উদ্ধার করা হয়। তবে তিনি তখন মৃত ছিলেন।
আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহানুর আলী বাসসকে বলেন, দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সড়ক থেকে সরিয়ে ফেলা হয়েছে ।