শিরোনাম

নেত্রকোণা, ৬ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলার কলমাকান্দা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৩৮ পিস ভারতীয় ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি)।
আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় বাসস’কে এ তথ্য নিশ্চিত করেছেন, নেত্রকোণা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী, পিএসসি।
তিনি জানান, আজ দুপুর দেড়টার দিকে কলমাকান্দা উপজেলার ৬ নম্বর খারনৈ ইউনিয়নের বনবেড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন, কলমাকান্দা উপজেলার মধুকুড়া (হাটগোবিন্দপুর) গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে মো. সাইদুল ইসলাম (২৮) এবং একই গ্রামের মো. আব্দুল খালেকের ছেলে মো. আলী ইসলাম (৩০)।
লে. কর্নেল তৌহিদুল বারী আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধীনস্থ কচুগড়া বিওপির ৪ সদস্যের একটি বিশেষ টহল দল সীমান্তের ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বনবেড়া নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ১৩৮ পিস ভারতীয় ইয়াবাসহ উক্ত দুই ব্যক্তিকে আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ইয়াবাসহ কলমাকান্দা থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান, তিনি।