শিরোনাম

টাঙ্গাইল, ৬ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদানের ২৩ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
টাঙ্গাইল জেলা পরিষদের উদ্যোগে আজ বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ হল রুমে এক অনুষ্ঠানের মাধ্যমে গ্রহিতাদের হাতে এ সব অনুদানের চেক তুলে দেন, জেলা পরিষদের প্রশাসক এস এম ওবায়দুল হক নাসির।
জেলা পরিষদের প্রশাসক বলেন, সমাজের সুবিধাবঞ্চিত, দুস্থ ও অসহায়, প্রতিবন্ধী ও গরিব মেধাবির শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো জেলা পরিষদের অন্যতম অঙ্গীকার। এ ধরনের আর্থিক সহায়তা উপকারভোগীদের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
ভবিষ্যতেও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
জেলা পরিষদের পক্ষ থেকে ১২৬ জনকে মোট ২৩ লাখ টাকা আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামসুল নাহার স্বপ্নার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুবিধাভোগী চেক গ্রহিতারা।