শিরোনাম

ঢাকা, ৬ আগস্ট, ২০২৬ (বাসস) : মরক্কোর রাজধানী রাবাতে বাংলাদেশ দূতাবাস যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন করেছে।
এ সময় জুলাই-আগস্ট ২০২৪-এর আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এছাড়া ন্যায়বিচার, অন্তর্ভুক্তিমূলক সমাজ ও জাতীয় ঐক্যের আদর্শ পুনর্ব্যক্ত করা হয়।
গতকাল বুধবার আয়োজিত কর্মসূচির শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। এরপর জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে মরক্কোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুন্নেসা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন। দূতাবাসের কাউন্সেলর রাজিব ত্রিপুরা পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন।
এসময় বাংলাদেশ সরকারের নির্মিত জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থান বিষয়ক দুটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুন্নেসা স্বৈরাচারবিরোধী জুলাই-আগস্ট আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি আন্দোলনে নেতৃত্বদানকারী তরুণদের অবদানের কথাও স্মরণ করেন।
তিনি জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এবং 'বাংলাদেশ ফার্স্ট' নীতির আলোকে বর্তমান সরকার ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনা ও ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।
জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে আয়োজিত এক বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
অনুষ্ঠানে মরক্কোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি, বিভিন্ন দেশের নাগরিক এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীগণ অংশ নেন।