শিরোনাম

ঢাকা, ৫ আগস্ট, ২০২৬ (বাসস) : প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুর ও ডা. জুবাইদা রহমানের পিতা এবং সাবেক নৌবাহিনী প্রধান ও মন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকী আগামীকাল (৬ আগস্ট)।
৪২ বছর আগে এই দিনে তিনি মানবকল্যাণে তাঁর জীবন উৎসর্গ করেন। কর্মজীবনে নৌবাহিনী প্রধান এবং যোগাযোগ ও কৃষিমন্ত্রী থাকাকালে দেশের জন্য তাঁর অবদান অপরিসীম। শাহাদাত বার্ষিকী উপলক্ষে তাঁর সততা, নিষ্ঠা, কঠোর পরিশ্রম, দানশীলতা ও আত্মত্যাগে গড়া অনবদ্য জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশে ও বিদেশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
দিনটি উপলক্ষে সকালে মরহুমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, রুহের মাগফিরাত কামনায় পবিত্র কুরআন খতম এবং বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।
নৌ-সদর দপ্তরের পাশে তিনি চিরনিদ্রায় শায়িত আছেন। বাংলাদেশ নৌবাহিনীকে যুগোপযোগী করে গড়ে তোলায় তাঁর উদ্যোগ ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
আগামীকাল সকালে তাঁর সমাধিতে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হবে। পরে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে। বাদ যোহর নৌবাহিনীর বিভিন্ন মসজিদে প্রয়াত নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। নৌবাহিনীর সকল সদস্য তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেবেন।
দিনটি উপলক্ষে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের বাসভবনে কুরআন খতম, কুরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বেগম মাহবুব আলী খান সকল শুভানুধ্যায়ী ও শুভাকাক্সক্ষীদের দোয়ায় অংশগ্রহণ করতে অনুরোধ জানিয়েছেন।
দিনটি উপলক্ষে ছিন্নমূল শিশু-কিশোরদের প্রতিষ্ঠান ‘সুরভি’-তে দোয়া মাহফিলের আয়োজন করা হবে। ১৯৭৯ সালের ১ ফেব্রুয়ারি বেগম মাহবুব আলী খান এটি প্রতিষ্ঠা করেন।
এছাড়াও ঢাকাস্থ বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় কুরআন খতম, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন থাকবে। বাউনিয়াবাদে জামিয়া কুরবানিয়া তালিমিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানা, ভাষানটেক ক্যান্টনমেন্ট জামিয়া কুরবানিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানা, সনমানদি খানবাড়ি দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
ঢাকায় বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, বায়তুল আমান জামে মসজিদ, তাকওয়া জামে মসজিদ, ঈদগাহ জামে মসজিদ, আজিমপুর দায়রা শরিফ জামে মসজিদ, মহাখালী ডিওএইচএস জামে মসজিদ, বায়তুল মামুর জামে মসজিদ, সোবহানবাগ জামে মসজিদ, বায়তুল আকসা জামে মসজিদ, ডরমিটরি জামে মসজিদ, হাইকোর্ট মাজার মসজিদ, বায়তুল মোয়াল্লা জামে মসজিদ, বায়তুল কুরবান জামে মসজিদ, বায়তুল মামুর জামে মসজিদ, বায়তুল মুমিন জামে মসজিদ, বায়তুল আমান কেন্দ্রীয় জামে মসজিদ, হযরত আবু বকর সিদ্দিক (রা.) জামে মসজিদ, বায়তুল আমান কেন্দ্রীয় জামে মসজিদ, বায়তুল জান্নাহ মাদানী জামে মসজিদ, বায়তুল কারিম জামে মসজিদ, বায়তুল মুমিন জামে মসজিদ এবং বাউনিয়াবাদ বাজার জামে মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।
সিলেটের বিরাহিমপুরে নিজ বাসভবনে বাদ জোহর পরিবারের পক্ষ থেকে দোয়া ও আলোচনা সভা এবং তবারক বিতরণ করা হবে। তাছাড়া পারিবারিক জামে মসজিদ ও লতিফিয়া হাফেজিয়া মাদ্রাসায় পরিবারের পক্ষ থেকে জোহরের নামাজের পর দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হবে। এছাড়া জামেয়া ইসলামিয়া এবং মুজাহিরুস সুন্নাহ খড়ারিয়া মাদ্রাসায় দোয়ার আয়োজন করা হয়েছে।
আসরের নামাজের পর পরিবারের পক্ষ থেকে হযরত শাহজালাল (রা.) ও হযরত শাহ পরান (রা.) দরগাহ মসজিদে খতমে কুরআন, দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ করা হবে।
বৃহত্তর সিলেটবাসীর উদ্যোগে হযরত শাহজালাল (রা.) দরগাহ মসজিদে বাদ যোহর মিলাদ ও দোয়া মাহফিল এবং দক্ষিণ সুরমা বিএনপির উদ্যোগে কদমতলী জামে মসজিদে বাদ আসর মিলাদ, দোয়া মাহফিল ও শিরনি বিতরণ করা হবে।
বালাগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে বাদ আসর দোয়া মাহফিল এবং একই সময়ে ফেঞ্চুগঞ্জ বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
বগুড়ার বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদে ৬ আগস্ট মরহুমের পরিবারের পক্ষ থেকে বাদ আসর মিলাদ ও কুরআনখানি অনুষ্ঠিত হবে। এছাড়া গাবতলী লাঠিগঞ্জ অন্ধ এতিমখানায় বাদ জোহর কুরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।
জামালপুরের দুরমুটে হযরত শাহ কামাল (রা.)-এর মাজারে দিনটি উপলক্ষে মরহুমের জন্য বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।
সৌদি আরবের মক্কায় পবিত্র কাবা শরিফ তাওয়াফ, দোয়া এবং মদিনা শরিফে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হবে।
এই দিনটি উপলক্ষে যুক্তরাজ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মাহবুব আলী খান তরুণ, মেধাবী নৌ-অফিসার হিসেবে যুক্তরাজ্যেই উচ্চতর প্রশিক্ষণ নেন। তিনি কমনওয়েলথ দেশসমূহের অংশগ্রহণকারী অফিসারদের মধ্যে কৃতিত্ব অর্জন করেন এবং রানি দ্বিতীয় এলিজাবেথের পক্ষ থেকে পুরস্কৃত হন। দেশটিতে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি সংসদের উদ্যোগে ব্রিকলেন জামে মসজিদে সকাল ১০টা থেকে কুরআন খতম এবং বাদ জোহর দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬টায় রিজেন্ট লেক হলে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের ভার্জিনিয়ায় এ উপলক্ষে দারুল হিকমাহ ইসলামী সেন্টার দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ইসলামী সেন্টারেও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। তাছাড়া ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে বাংলাদেশি কমিউনিটি মসজিদে বাদ মাগরিব দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মালয়েশিয়ায় দিনব্যাপী কুরআন খতম, বিশেষ মোনাজাত ও এতিমদের মধ্যে খাদ্য বিতরণ করা হবে।
চীনের সাহাবি মসজিদ, ইউডি পার্ক, গুয়াংজু সিটি; দক্ষিণ কোরিয়ার সিউলে পুশ্চেন সংউরি মসজিদ; সিঙ্গাপুরে আংগুলিয়া জামে মসজিদ এবং মালদ্বীপের সালমান মসজিদসহ বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হবে।
নৌবাহিনীর সাবেক এই প্রধান এবং মন্ত্রীর স্মৃতিরক্ষায় রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান মেমোরিয়াল মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়েছে। সেখানে প্রয়াতের অসাধারণ কর্মজীবনের স্মৃতিবিজড়িত বস্তুসমূহ রাখা আছে।
এছাড়াও কার্ডিওভাসকুলার রিসার্চ, বৈজ্ঞানিক উদ্ভাবন ও সমাজসেবার উদ্দেশ্যে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান মেমোরিয়াল ট্রাস্ট স্থাপন করা হবে। জনগণের মধ্যে হৃদরোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং এর চিকিৎসা প্রদানে তাঁর জন্মভূমি সিলেটে ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ কার্ডিওলজি অ্যান্ড রিসার্চ স্থাপনের উদ্যোগও নেওয়া হবে। এই প্রতিষ্ঠানে দুঃস্থ ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে।