বাসস
  ০৫ আগস্ট ২০২৬, ১৮:৫৯

ডাসারে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

মাদারীপুর, ৫ আগস্ট, ২০২৬ (বাসস): জেলার ডাসার উপজেলায় পানিতে ডুবে রজনি বিশ্বাস (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আজ বুধবার দুপুরে উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রজনি বিশ্বাস ওই গ্রামের মৃত বিষ্ণু বিশ্বাসের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে বাড়ির পাশের একটি সবজিক্ষেতে বেড়া দিতে গিয়ে রজনি বিশ্বাস পা পিছলে খেতসংলগ্ন একটি ডোবায় পড়ে যান। পরে পানিতে ডুবে তার মৃত্যু হয়। কিছুক্ষণ পর স্থানীয়রা ডোবায় তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন।

নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল তালুকদার বাসসকে জানান, সবজিক্ষেতে কাজ করার সময় অসাবধানতাবশত পা পিছলে ডোবায় পড়ে গিয়ে রজনি বিশ্বাসের মৃত্যু হয়েছে।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহমুদ বাসসকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলে জানা গেছে।