শিরোনাম

চট্টগ্রাম, ৪ আগস্ট, ২০২৬ (বাসস) : চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং টেকসই নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে খাল পুনরুদ্ধার ও নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব আরোপ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
মঙ্গলবার (৪ আগস্ট) নগরীর চকবাজার ফুলতলা এলাকার রসুলবাগ (চাক্তাই) খাল পরিদর্শনকালে তিনি চলমান খনন, পরিচ্ছন্নতা ও উন্নয়ন কাজের অগ্রগতি পর্যালোচনা করেন। এ সময় খালের পানিপ্রবাহ ও পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনাকালে এ কথা বলেন।
পরিদর্শনকালে মেয়র বলেন, চট্টগ্রামকে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও জলাবদ্ধতামুক্ত নগরীতে রূপান্তর করতে খালগুলোর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। খাল শুধু পানি নিষ্কাশনের মাধ্যম নয়, এটি নগরীর পরিবেশগত ভারসাম্যেরও গুরুত্বপূর্ণ অংশ। জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে খালগুলোর প্রবাহ সচল রাখাই আমাদের অঙ্গীকার।
তিনি বলেন, রসুলবাগ খালে চলমান খনন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি সন্তোষজনক। কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্বশীলতার সঙ্গে কাজ সম্পন্ন করায় সংশ্লিষ্ট ঠিকাদারদের প্রশংসা করেন তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী।