শিরোনাম

পটুয়াখালী, ৩ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলার কলাপাড়া উপজেলার ধানখালী এলাকায় জীবাশ্ম জ্বালানিভিত্তিক ২ বছরব্যাপী পরিচালিত গণগবেষণার ফল আজ প্রকাশ করা হয়েছে।
সোমবার বেলা ১১টায় কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘প্রান্তজন’ আয়োজিত অনুষ্ঠানে এ গণগবেষণার ফল প্রকাশ করা হয়।
জীবাশ্ম জ্বালানিভিত্তিক মেগাপ্রকল্প (তাপবিদ্যুৎ কেন্দ্র) নির্মাণের ফলে স্থানীয় মানুষের জীবনযাত্রা, পরিবেশ ও জনস্বাস্থ্যে ব্যাপক নেতিবাচক প্রভাবের চিত্র উঠে এসেছে এ গণগবেষণায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন, একশন এইড বাংলাদেশের সহকারী প্রোগ্রাম অফিসার মারজিয়া জাহান, প্রান্তজনের ফিল্ড কো-অর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং ধানখালী ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা।
গবেষণা প্রতিবেদনে বলা হয়, ধানখালী এলাকায় কয়েকটি জীবাশ্ম জ্বালানিভিত্তিক মেগা প্রকল্প স্থাপনের পর স্থানীয় জনজীবন, পরিবেশ ও অর্থনীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা দিয়েছে। এ বাস্তবতা মূল্যায়নে ২ বছর আগে প্রান্তজনের উদ্যোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর পরিবেশ ও বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আরিফুর রহমানের সহযোগিতায় ২০ জন স্থানীয় বাসিন্দাকে সম্পৃক্ত করে গণগবেষণা পরিচালনা করা হয়।
গবেষণায় স্থানীয় মানুষের আর্থিক অবস্থার অবনতি, সামাজিক সংকট বৃদ্ধি, ঐতিহ্যবাহী পেশার বিলুপ্তি, পরিবেশগত ভারসাম্যহীনতা, সুপেয় পানির সংকট, বিশুদ্ধ বায়ুর অভাব, জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্রের ক্ষয়, মাটির লবণাক্ততা বৃদ্ধি, কৃষি উৎপাদন হ্রাস, জনস্বাস্থ্য ঝুঁকি, বিভিন্ন রোগের বিস্তার, নারীদের ওপর লিঙ্গভিত্তিক নেতিবাচক প্রভাব এবং মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ক্ষয়ক্ষতির বিষয়গুলো উঠে আসে।
প্রতিবেদনে বিষাক্ত কয়লা বর্জ্য ও ফ্লাই অ্যাশের বিস্তার নিয়ন্ত্রণ, স্থানীয় মানুষের জন্য বিনামূল্যে সোলার হোম সিস্টেম ও বায়োগ্যাস প্ল্যান্টসহ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ এবং পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মোট ৫টি সুপারিশ বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠান শেষে গণগবেষণায় অংশগ্রহণকারী স্থানীয় বাসিন্দাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।