শিরোনাম

কুষ্টিয়া, ৩ আগস্ট, ২০২৬ ((বাসস) : জেলার কুমারখালী উপজেলায় অভিযান চালিয়ে ৬হাজার পিস ইয়াবা, নগদ টাকা ও একটি মোবাইল ফোনসহ হেলাল উদ্দীন (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব )-১২।
গতকাল রোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য বাসস’কে নিশ্চিত করেন, র্যাব-১২, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মো. রেজাউল হক।
গ্রেপ্তার হেলাল উদ্দীন কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের মাটমালিয়াট এলাকার আব্দুল ছাত্তারের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে র্যাব-১২ এর কমান্ডারের নেতৃত্বে একটি দল কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নে মাদক বিরোধী অভিযান চালিয়ে ময়ানমোড় এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়ক থেকে হেলাল উদ্দীনকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেক ৬হাজার পিস ইয়াবা, মাদক বিক্রির ৫হাজার ৪৮০ টাকা এবং একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, এ ঘটনায় উদ্ধার আলামতসহ কুমারখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।