শিরোনাম

পটুয়াখালী, ৩ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলার মির্জাগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৫৩০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে উপজেলা প্রশাসন।
গতকাল রোববার বিকেলে উপজেলার পূর্ব সুবিদখালী এলাকায় সহকারী কমিশনার (ভূমি) রাসেল মুন্সীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব পলিথিন জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব সুবিদখালী এলাকার ব্যবসায়ী মো. ছালাম আকনের বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত রাখা প্রায় ৫৩০ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করে জব্দ করা হয়। তবে অভিযানের সময় ওই ব্যবসায়ী বাড়িতে না থাকায় তাকে ভ্রাম্যমাণ আদালতের আওতায় আনা সম্ভব হয়নি।
সহকারী কমিশনার (ভূমি) রাসেল মুন্সী বাসস’কে বলেন, পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর নিষিদ্ধ পলিথিনের অবৈধ মজুত ও ব্যবহার রোধে উপজেলা প্রশাসনের এমন অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
তিনি জানান, জব্দ পলিথিনগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।