বাসস
  ০৩ আগস্ট ২০২৬, ১২:২৪

খুলনা বিভাগীয় স্টেডিয়াম সংস্কারের জন্য প্রধানমন্ত্রীর ১৩৭ কোটি টাকা বরাদ্দ 

ছবি : বাসস

খুলনা, ৩ আগস্ট, ২০২৬ (বাসস) : বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি’র পরিচালক ও খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম তুহিন বলেছেন, প্রধানমন্ত্রী খুলনা বিভাগীয় স্টেডিয়াম সংস্কারসহ আন্তর্জাতিক মানের ভেন্যু হিসেবে গড়ে তোলার জন্য ১৩৭ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। আগামী বছর থেকে এ স্টেডিয়ামে বিপিএলসহ আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

গতকাল রোববার বিএনপি কার্যালয়ে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির পক্ষ থেকে সৌজন্য সাক্ষাৎকালে তিনি একথা বলেন।

খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম তুহিন বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি’র পরিচালক নির্বাচিত হওয়ায় এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়ে বলেন, দীর্ঘদিন খুলনা বিভাগীয় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামটি অব্যবস্থাপনায় করুণ দশার মধ্যে পড়ে রয়েছে। দীর্ঘদিন এই স্টেডিয়াম অব্যবহৃত ও জরাজীর্ণ হয়ে পড়ে থাকায় আন্তর্জাতিক ভেন্যুর মর্যাদা হারিয়েছে। এই স্টেডিয়ামটি দ্রুত সংস্কার করে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের মাধ্যমে খুলনাবাসীসহ ক্রীড়ামোদিদের প্রত্যাশা পূরণ করতে হবে। উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ বিসিবি পরিচালক হিসেবে তাঁর সাফল্য কামনা করেন।

বিসিবি পরিচালক তুহিন আরো বলেন, খুলনার উন্নয়নে বন্ধ শিল্প কলকারখানা চালু করে কর্মসংস্থান সৃষ্টি এবং যে সকল প্রকল্প অসমাপ্ত আছে সে সমস্ত প্রকল্প বাস্তবায়নে উন্নয়ন কমিটির আন্দোলন সংগ্রামে আমি পাশে থেকে কাজ করে যাবো। তিনি তার দায়িত্ব পালনকালে খুলনাবাসীর সহযোগিতা কামনা করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান, মহাসচিব এড. শেখ হাফিজুর রহমান হাফিজ, সিনিয়র সহ সভাপতি মো. নিজাম উর রহমান লালু, সহ-সভাপতি অধ্যাপক মো. আবুল বাসার, মিজানুর রহমান বাবু, মো. খলিলুর রহমান, অর্থ সম্পাদক শেখ গোলাম সরোয়ার, সাংস্কৃতিক সম্পাদক মো. হায়দার আলী, মৎস্য ও বন বিষয়ক সম্পাদক এস এম মুর্শিদুর রহমান লিটন, এড. এস এম মারুফ আহমেদ, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর মো. হাফিজুর রহমান মনি ও কে এম হুমায়ুন কবীর, ক্রীড়া সংগঠক একরামুল কবীর মিল্টন, মো. আজিম উর রহমান মুরাদ প্রমুখ।