শিরোনাম

ঝিনাইদহ, ২ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলার হরিণাকুণ্ডু উপজেলায় আজ ব্যাটারি-চালিত পাখিভ্যানের (থ্রি-হুইলার) চাপায় রাফিয়া খাতুন (৪) নামের এক শিশু নিহত হয়েছে।
আজ রোববার সকাল ৯টার দিকে হরিণাকুন্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নের ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু রাফিয়া খাতুন হরিণাকুন্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের রাহাজ উদ্দিনের মেয়ে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে বাড়ির পাশে রাস্তায় রাফিয়া খাতুন সহ কয়েকটি শিশু খেলা করছিলো। একপর্যায়ে একটি ব্যাটারি চালিত পাখিভ্যান শিশু রাফিয়াকে চাপা দেয়। এতে গুরুতর আহত শিশুটি ছিঁটকে পড়ে। স্থানীয়রা শিশু রাফিয়াকে উদ্ধার করে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) অসিত কুমার রায় জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।