শিরোনাম

সুনামগঞ্জ, ২ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলার জগন্নাথপুর উপজেলায় কীর্তন অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ চারজনের মধ্যে আজ অধীর দেবনাথ (৩৫) ও হেমেন্দ্র দেবনাথ (৩৫) নামের আরও দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ রোববার সকালে জগন্নাথপুর উপজেলার মইয়ার হাওরের রুয়ারকারা এলাকা থেকে বাকি দু’জনের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
মৃত হেমেন্দ্র দেবনাথ (৩৫) জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার মৃত জগিন্দ্র দেবনাথের ছেলে এবং মৃত অধীর দেবনাথ (৩৫) একই এলাকার মৃত অনিল দেবনাথের ছেলে।
এর আগে, শনিবার একই ঘটনায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল পূর্ব ভবানীপুর এলাকার মৃত সুবল দেবনাথের ছেলে সত্যেন্দ্র নাথ সতী (৬৫) এবং মৃত অনিল দেবনাথের ছেলে অরুণ দেবনাথের (৪৫) মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত ৮টার দিকে পূর্ব ভবানীপুর এলাকা থেকে নয়জন লোক একটি নৌকায় করে পাশের ভরাউট এলাকায় হিন্দু ধর্মীয় কীর্তন অনুষ্ঠানে যান। অনুষ্ঠান শেষে রাত সাড়ে ৩টার দিকে বাড়ি ফেরার পথে মইয়ার হাওরের বালুচর এলাকায় পৌঁছে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা নয় জনের মধ্যে পাঁচজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও চারজন তলিয়ে গিয়ে নিখোঁজ হন।পরদিন শনিবার দিনভর সুনামগঞ্জ ও সিলেট ফায়ার সার্ভিসের দুটি ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে দু’জনের মরদেহ উদ্ধার করে। আজ রোববার সকালে জগন্নাথপুর উপজেলার মইয়ার হাওরের রুয়ারকারা এলাকা থেকে বাকি দু’জনের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মৃত ব্যক্তিদের প্রত্যেকের পরিবারকে ১০ হাজার টাকা প্রদান করা হয়েছে। পরবর্তীতে অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা প্রদান করা হবে বলে তিনি উল্লেখ করেন।