বাসস
  ২৫ আগস্ট ২০২৬, ১৫:২৮

বরিশালে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও শিশুর মনোসামাজিক সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ

ছবি : বাসস

বরিশাল, ২৫ আগস্ট, ২০২৬ (বাসস): জেলায় ৩ দিনব্যাপী ‘প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও শিশুর মনোসামাজিক সুরক্ষা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন বরিশাল আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র ২৩ থেকে ২৫ আগস্ট ‘প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও শিশুর মনোসামাজিক সুরক্ষা’ বিষয়ক এ প্রশিক্ষণের আয়োজন করে। 

আজ মঙ্গলবার সকাল ৯টায় আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে ৩ দিনব্যাপী এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

প্রশিক্ষণ কর্মশালায় শিশুদের নিরাপত্তা, যত্ন, সুরক্ষা এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা আরও কার্যকর ও মানসম্মত করার বিষয় আলোকপাত করেন, প্রধান অতিথি বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। 
 
প্রধান অতিথি বলেন, জন্ম, ধর্ম, বর্ণ কিংবা সামাজিক পরিচয়ের ভিত্তিতে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকা উচিত নয়। পৃথিবীর সব মানুষ সমান মানবিক মর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকার রাখে। মানুষে মানুষে যে পার্থক্য ও বিভাজন বিদ্যমান, তার অধিকাংশই সমাজ ও মানুষের তৈরি। তাই আমাদের প্রত্যেকের উচিত মানুষকে প্রথমে মানুষ হিসেবে মূল্যায়ন করা।

প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে শিশুদের প্রতি আরও দায়িত্বশীল ও মানবিক আচরণ, তাদের অধিকার রক্ষা এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের সক্ষমতা বৃদ্ধি করা সম্ভব। প্রতিটি শিশু যেন নিরাপদ, সুরক্ষিত পরিবেশে বেড়ে উঠতে পারে এবং প্রতিষ্ঠানগুলো শিশুদের জন্য একটি আস্থার জায়গা হিসেবে গড়ে ওঠে সেলক্ষ্যে আমাদের সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

মানবিক মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেন, সমাজে বিভেদ নয়, পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সম্প্রীতি প্রতিষ্ঠা করতে হবে। মানুষকে মানুষ হিসেবে দেখার এই দৃষ্টিভঙ্গিই পারে ধর্ম-বর্ণ ও সামাজিক বিভাজনের ঊর্ধ্বে উঠে একটি মানবিক, বৈষম্যহীন ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তুলতে।

উল্লেখ্য, প্রশিক্ষণে ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে ৩জন শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ সাজ্জাদ পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক শাহ মো. রফিকুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয় উপ-পরিচালক শাহজাদী আক্তার, হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা দিলরুবা রইচি, শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা শেখ জহির উদ্দিন আহম্মদ, জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা ইসমত আরা খানম ও সরকারি শিশু পরিবার বালিকা উপ-তত্ত্বাবধায়ক ফারজানা রহমান। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন, আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের লেকচারার মোসা. সামসুন্নাহার। 

এ সময় বিভিন্ন ক্যাটাগরির প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।